দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের আবার হুমকি-ধামকি শুরু হয়েছে। প্রশাসনের ওপর আঘাত শুরু হয়েছে। আবার বোমার শব্দ, গাড়ি পোড়ানো শুরু হয়েছে। আমরা বলে দিতে চাই, এসব ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘এই বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের বিদায় করেছেন। এখন আবার যারা এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, আমরা মনে করি এই বাংলাদেশের মানুষ দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে বিরোধী দল আছে, তাদের বলে দিতে চাই, ১৭ বছর রাজপথে যুদ্ধ করেছেন আপনাদের মুরুব্বিরা। জীবন দিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী, কারাবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ নির্যাতিত-নিষ্পেষিত ছিল। আজকে বিএনপি সরকার গঠন করেছে ছয় মাস হতে পারে নাই, এখনই রাজপথে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছেন।’
এনসিপি নেতাদের উদ্দেশে খোকন তালুকদার বলেন, ‘এনসিপি নেতারা তারেক রহমানের সম্বন্ধে যেভাবে বলছে, তাতে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের কর্মীরা যদি মাঠে না থাকে, আপনাদেরকে বাড়ি থেকে টেনে এনে এই বাংলার মাটিতে পুঁতে রাখবে আওয়ামী লীগ। আজকে জাতীয়তাবাদী দলের কর্মীরা আছে বলেই বড় বড় কথা বলার সুযোগ পান, রাস্তায় বড় বড় গলাবাজি করেন। মনে করেন, এই জাতীয়তাবাদী শক্তি থাকতে আওয়ামী লীগ আর ফিল্ডে নামতে পারবে না।’
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কর্মসূচির উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নান্না শিকদার, কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
/অ